রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

দুই কাতল বিক্রি হলো ৯১ হাজার ৫০০ টাকায়!

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৬, ১১:৪৪ এএম

দুই কাতল বিক্রি হলো ৯১ হাজার ৫০০ টাকায়!

ছবিঃ সংগৃহীত

পদ্মা ও যমুনা নদীর মোহনায় ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কাতলা মাছ। এর মধ্যে একটির ওজন সাড়ে ২৮ কেজি এবং অন্যটির ওজন ১৮ কেজি। রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া মাছ বাজারের আড়তে মাছ দুটি মোট ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রেজাউল মণ্ডল ও আনু খাঁর আড়ত থেকে মাছ দুটি কিনে নেন সম্রাট শাহজাহান শেখ নামে এক ব্যবসায়ী। তিনি দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার সাকিল সোহান মৎস্য আড়তের মালিক।

নিলামে সাড়ে ২৮ কেজি ওজনের কাতলাটি ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৬২ হাজার ৭০০ টাকা এবং ১৮ কেজির কাতলাটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়।

জানা গেছে, শুক্রবার রাতে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার তাদের সহকর্মীদের নিয়ে দৌলতদিয়ার পদ্মা ও যমুনার মোহনায় পৃথক স্থানে জাল ফেলেন। ভোরে জাল তুলতেই দেখা যায়, দুইটি বিশাল কাতলা মাছ ধরা পড়েছে। পরে বিক্রির জন্য মাছ দুটি বাজারে আনা হলে ওজন করে দেখা যায় একটির ওজন ২৮ কেজি ৫০০ গ্রাম এবং অন্যটির ১৮ কেজি।

মাছ দুটি একনজর দেখতে বাজারে ভিড় করেন উৎসুক মানুষ। পরে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছ দুটি কিনে নেন সম্রাট শাহজাহান শেখ।

তিনি জানান, সকালে নিলামে মাছ দুটি ৯১ হাজার ৫০০ টাকায় কেনেন তিনি। এখন সামান্য লাভে বিক্রির জন্য দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন বলেও জানান তিনি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!