প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:২৮ পিএম
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় জ্বালানি তেলের সংকটে ক্ষোভ প্রকাশ করে নিজের মোটরসাইকেল ভেঙে ফেলেছেন এক ব্যবসায়ী।রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কাঠালডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্থানীয় ব্যবসায়ী জসিম উদ্দিন, যিনি একটি খাবারের হোটেল পরিচালনা করেন, দোকানের সামনে তার টিভিএস ১০০ সিসির মোটরসাইকেল কুড়াল দিয়ে ভাঙতে শুরু করেন। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে তিনি তার ক্ষোভের কারণ হিসেবে জ্বালানি সংকটের কথা জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন ধরে এলাকায় তেলের সংকট চলছে। পাম্পগুলোতে সীমিত পরিমাণ তেল দেওয়া হচ্ছে এবং দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকেই তেল পাচ্ছেন না।
জসিম উদ্দিন বলেন, ব্যবসার ব্যস্ততার কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকা তার পক্ষে সম্ভব নয়। আগের দিন সারাদিন অপেক্ষা করেও তেল না পেয়ে হতাশ হয়ে তিনি এমন কাজ করেছেন।
এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।



