প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০৮:১৯ এএম
মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটি এলাকায় বিএনপি নেতা মুকুল হোসেন (৫২)-এর ওপর সন্ত্রাসীদের গুলির হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) ভোর প্রায় ৫টার দিকে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড়ে এ ঘটনা ঘটে।
মুকুল হোসেন সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং সাহারবাটি গ্রামের নেক মহাম্মদের ছেলে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়ে, যার মধ্যে অন্তত পাঁচটি গুলি তার বুকে ও পিঠে লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
এলাকাবাসী আরও জানান, এর আগেও দুই দফায় তার ওপর বোমা হামলার ঘটনা ঘটেছিল, যা নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
ঘটনার পরপরই গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার দাসের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সেখান থেকে গুলির চারটি খোসা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।



