প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ০৮:২৯ এএম
মাধ্যমিক পরীক্ষা শুরুর আগের রাতেও প্রবেশপত্র হাতে না পেয়ে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। অনিশ্চয়তায় পড়ে গিরিধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২৯ জন পরীক্ষার্থী সোমবার রাত সোয়া ৯টার দিকে মহাসড়ক অবরোধ করেন।
প্রায় এক ঘণ্টার বেশি সময় ধরে চলা এই অবরোধে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরোয়ারে আলম খান ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তারা রাতেই প্রবেশপত্র পৌঁছে দেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
শুধু একটি বিদ্যালয় নয়, একই উপজেলার জুনদহ উচ্চ বিদ্যালয়ের ৩৬ জন পরীক্ষার্থীও সোমবার বিকেল পর্যন্ত প্রবেশপত্র পাননি। এ অবস্থায় শিক্ষার্থী ও অভিভাবকেরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
অন্যদিকে, ফুলছড়ি উপজেলায় কঞ্চিপাড়া এমইউ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রায় ১৫০ জন পরীক্ষার্থীর প্রবেশপত্রে গুরুতর ভুল ধরা পড়ে। কারও বিভাগ ভুলভাবে উল্লেখ, কারও ছবির স্থানে অন্যের ছবি, আবার কারও অভিভাবকের নাম ভুল রয়েছে। এসব ত্রুটি সংশোধনের দাবিতে শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ জানিয়েছেন, পরীক্ষার্থীদের সময়মতো পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। দ্রুত প্রবেশপত্র সরবরাহ ও ত্রুটি সংশোধনের কাজ চলমান রয়েছে।
প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষার্থীরা চরম মানসিক চাপের মধ্যে থাকলেও প্রশাসনের আশ্বাসে তারা ঘরে ফিরে পরীক্ষার প্রস্তুতিতে মনোযোগ দিচ্ছে।



