রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কামড় খেয়ে পলিথিনে করে রাসেলস ভাইপার নিয়ে বাড়ি ফিরলেন যুবক

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২৬, ১১:০৭ পিএম

কামড় খেয়ে পলিথিনে করে রাসেলস ভাইপার নিয়ে বাড়ি ফিরলেন যুবক

ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিষধর রাসেলস ভাইপার (চন্দ্রবোড়া) সাপের আতঙ্ক বাড়ছে। এবার মেঘনা নদীর পাড়ে সাপের কামড়ে আহত হয়েছেন এক যুবক।

সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার এখলাসপুর ইউনিয়নের আবাসন এলাকার মেঘনা নদীর তীরে এ ঘটনা ঘটে।

আহত মো. সোহেল জানান, সকালে নতুন বাড়িতে যাওয়ার পথে তিনি একটি জালে আটকে থাকা বড় আকৃতির রাসেলস ভাইপার দেখতে পান। সাপটিকে ছাড়ানোর চেষ্টা করলে সেটি হঠাৎ তার হাতে কামড় দেয়।

ঘটনার পর তিনি সাপটিকে ধরে পলিথিনে ভরে বাড়িতে নিয়ে আসেন এবং পরে একটি পাত্রে রেখে দ্রুত চাঁদপুর সদর হাসপাতালে যান। সেখানে অ্যান্টিভেনম গ্রহণের পর চিকিৎসা শেষে তিনি বাড়ি ফিরে আসেন। বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, গত কয়েক বছর ধরে মেঘনা নদীর পাড় ও আশপাশের চরাঞ্চলে বিষধর সাপের উপদ্রব বাড়ছে। বিশেষ করে বোরচর, চর উমেদ ও এখলাসপুর এলাকায় এ সমস্যা প্রকট আকার ধারণ করেছে।

তারা আরও অভিযোগ করেন, অনেক সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটার প্রয়োজনীয় অ্যান্টিভেনম না থাকায় রোগীদের ভোগান্তিতে পড়তে হয়। এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় জনপ্রতিনিধিরা বর্ষা মৌসুমে সাপের উপদ্রব বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সাপে কামড়ালে ঝাড়ফুঁক না করে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চাঁদপুর সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সেখানে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!