প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৬:৩১ পিএম
রাঙামাটির লংগদুর ভাসান্যাদাম এলাকায় মারা যাওয়া একটি হাতির মাংস আবারও চুরির চেষ্টা করেছে একদল দুর্বৃত্ত। পরে এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে। এর আগের রাতে ওই হাতির শুঁড় ও পায়ের কিছু অংশ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুজ্জামান শাহ জানান, হাতিটির মৃত্যু পর প্রয়োজনীয় নমুনা সংগ্রহ শেষে মাংস যাতে কেউ নিতে না পারে সেজন্য শরীরে ব্লিচিং পাউডার ও কেরোসিন দিয়ে মাটিচাপা দেওয়া হয়। পাশাপাশি ইআরটি সদস্যদের মাধ্যমে রাতভর পাহারার ব্যবস্থা করা হয়।
তবে এরপরও মধ্যরাতে মাটি খুঁড়ে আবারও মাংস নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। এ সময় দায়িত্বে থাকা ইআরটি সদস্যরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
তিনি আরও জানান, হাতির মাংস পুরোপুরি পচে না যাওয়া পর্যন্ত ইআরটি সদস্যরা সেখানে দায়িত্ব পালন করবেন।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পরবর্তীতে আরেকটি জিডি করার প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান বন কর্মকর্তা।
উল্লেখ্য, বার্ধক্যজনিত অসুস্থতা ও দীর্ঘদিনের সংক্রমণে গত রবিবার লংগদুর ওই হাতিটি মারা যায়। দাঁতবিহীন হাতিটিকে বাঁচাতে চট্টগ্রাম ভেটেরিনারি হাসপাতাল ও ডুলাহাজরা সাফারি পার্কের চিকিৎসকরা দীর্ঘদিন চিকিৎসা দিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।



