রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আর্জেন্টিনা ফ্যানদের শোভাযাত্রায় থ্রি-পিস বিলালেন ব্রাজিল সমর্থকরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১২, ২০২৬, ১১:২৫ এএম

আর্জেন্টিনা ফ্যানদের শোভাযাত্রায় থ্রি-পিস বিলালেন ব্রাজিল সমর্থকরা

ছবি: সংগৃহীত

রাঙামাটিতে ব্যতিক্রমী এক সম্প্রীতির নজির গড়েছেন ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকরা। আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে খেজুর ও থ্রি-পিস উপহার দিয়েছেন স্থানীয় ব্রাজিল সমর্থকরা। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এমন আয়োজনে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি উপেক্ষা করে আকাশি-সাদা জার্সি পরে শহরের শহিদ আব্দুর শুক্কুর স্টেডিয়ামে জড়ো হন আর্জেন্টিনা সমর্থকরা। পরে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তারা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।

শোভাযাত্রায় নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। হাতে ছিল আর্জেন্টিনার পতাকা, গায়ে প্রিয় দলের জার্সি। ভুভুজেলার শব্দ, গান ও উল্লাসে মুখর হয়ে ওঠে পুরো শহর।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দোয়েল চত্বরে পৌঁছানোর আগেই সেখানে অবস্থান নেন ব্রাজিল সমর্থকরা। শোভাযাত্রা কাছে আসতেই তারা আর্জেন্টিনা সমর্থকদের হাতে খেজুর ও থ্রি-পিস তুলে দেন। প্রতিদ্বন্দ্বী দলের সমর্থকদের এমন আন্তরিক উপহার সাদরে গ্রহণ করেন আর্জেন্টিনা ভক্তরাও।

ব্রাজিল সমর্থক মো. ইব্রাহিম জানান, আগে আর্জেন্টিনা সমর্থকরা তাদের শোভাযাত্রায় আপ্যায়ন করেছিলেন। সেই স্মৃতি থেকেই এবার পাল্টা আয়োজন করা হয়েছে।

আর্জেন্টিনা সমর্থক মো. নাছির উদ্দিন বলেন, ম্যারাডোনার সময় থেকেই বাংলাদেশের মানুষ আর্জেন্টিনাকে সমর্থন করে আসছে। এবারও দলটির পারফরম্যান্স নিয়ে তারা আশাবাদী।

পরে শোভাযাত্রাটি রিজার্ভ বাজার এলাকার ওয়াই-আকৃতির আর্জেন্টিনা সেতুতে গিয়ে শেষ হয়। সেখানে হাজারো সমর্থক গান, স্লোগান ও উল্লাসে মেতে ওঠেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!