প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬, ০২:০১ পিএম
রাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার কোলে থাকা সাড়ে তিন বছর বয়সী মেয়ে সাফিয়া ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে।
বুধবার সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর উপজেলার মর্জতকল বাগমারা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উত্তম কুমার ঘোষ।
স্থানীয়দের বরাতে জানা যায়, সুমন আহম্মেদ একটি ওষুধ কোম্পানিতে চাকরি করতেন। সকালে তিনি তার ছোট মেয়েকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। বজ্রপাতের আঘাতে শিশুটি তার কোলে থেকে ছিটকে পড়ে।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। এদিকে শিশুটির নাক ও কান দিয়ে সামান্য রক্তপাত হলেও বর্তমানে সে শঙ্কামুক্ত রয়েছে বলে জানা গেছে।



