রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরে জাটকা নিষেধাজ্ঞা শেষে নদীতে ফিরছেন জেলেরা

নিউজ ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১১:৩৭ এএম

চাঁদপুরে জাটকা নিষেধাজ্ঞা শেষে নদীতে ফিরছেন জেলেরা

ছবি: সংগৃহীত

জাটকা সংরক্ষণের লক্ষ্যে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতে আরোপিত দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ মধ্যরাতে। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার পর থেকেই জেলার অর্ধলক্ষাধিক জেলে আবারও নদীতে মাছ ধরতে পারবেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চাঁদপুরের ৭০ কিলোমিটার অভয়াশ্রম এলাকায়, মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভৈরবী পর্যন্ত অংশে সব ধরনের মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল। এ সময়ে জাটকা সংরক্ষণে নিয়মিত অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী।

জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরার অভিযোগে এ সময়ে দুই শতাধিক জেলেকে আটক করে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। পাশাপাশি জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় খাদ্য সহায়তা দেওয়া হয়, যেখানে পরিবারপ্রতি চালসহ ডাল, তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এখন জেলেপল্লিগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। পুরান বাজার, রনাগোয়াল, দোকানঘর, বহরিয়া ও হরিণাঘাটসহ বিভিন্ন এলাকায় জাল মেরামত, নৌকা সংস্কার ও মাছ ধরার সরঞ্জাম প্রস্তুতের ব্যস্ততা চলছে।

জেলেরা জানিয়েছেন, দুই মাস নদীতে নামতে না পারায় তারা চরম আর্থিক সংকটে পড়েছিলেন। এখন অনেকেই ধারদেনা করে আবারও মাছ ধরার প্রস্তুতি নিয়েছেন।

তাদের প্রত্যাশা, এবার নদীতে পর্যাপ্ত ইলিশ মিলবে এবং পরিবারে স্বস্তি ফিরবে।

মৎস্য বিভাগের মতে, চলতি বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা গত বছরের তুলনায় বাড়ানো হয়েছে। জাটকা সংরক্ষণ কার্যক্রম সফল হলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!