প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৭:০২ পিএম
রাঙামাটিতে জেলা ছাত্রদলের নতুন কমিটি নিয়ে টানা দ্বিতীয় দিনের মতো উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
সোমবার (৪ মে) দুপুরে দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন পদবঞ্চিত নেতাকর্মীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে নতুন কমিটির বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
পরিস্থিতি আরও উত্তপ্ত হয় তখন, যখন বাঘাইছড়ি উপজেলা থেকে আসা ছাত্রদলের একটি গাড়িবহর নতুন কমিটির পক্ষে স্লোগান দিয়ে কার্যালয়ের সামনে দিয়ে যায়। তখন পদবঞ্চিতরা ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া দেয় বলে জানা গেছে।
পরে নতুন কমিটির সমর্থকরা পাল্টা অবস্থান নিয়ে দলীয় কার্যালয়ে থাকা পদবঞ্চিতদের সরিয়ে দেয়। এতে তারা ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে। এরপর নতুন কমিটির পক্ষের নেতাকর্মীরা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে, যার ফলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দেয়। একই সঙ্গে জেলা প্রশাসন বিএনপি কার্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করে।
কোতোয়ালি থানার ওসি মো. জসীমউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং উভয় পক্ষ এলাকা ত্যাগ করেছে।
এর আগে শনিবার নতুন জেলা ছাত্রদল কমিটি ঘোষণা হলে পদবঞ্চিতরা বিক্ষোভ শুরু করে এবং টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। পরে দলীয় নেতারা কেন্দ্রের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস দেন।



