প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৬:৫৮ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দে ২৫ কেজি ওজনের একটি কাতল মাছ ৫৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে দৌলতদিয়া মাছ বাজারের আনু খাঁর আড়তে উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি বিক্রি হয়।
প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর ঘাট এলাকার ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলে মুক্তার মন্ডল ও তার সহযোগীদের জালে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে। পরে সেটি বিক্রির জন্য বাজারে আনা হয়।
ওজন পরিমাপে দেখা যায় মাছটির ওজন ২৫ কেজি। এ সময় মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। পরে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে চান্দু মোল্লা মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী জানান, তিনি উন্মুক্ত নিলাম থেকে মাছটি কিনে ঢাকার গুলশানে ডেলিভারি দিয়েছেন।



