প্রকাশিত: মে ৬, ২০২৬, ১১:৪১ পিএম
গাইবান্ধার সাদুল্লাপুরে কিস্তির টাকা আদায়কে কেন্দ্র করে ব্র্যাকের এক মাঠ সংগঠকের বিরুদ্ধে নারী গ্রাহককে লাঠি দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। আহত ওই নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ধাপেরহাট বাজারে এ ঘটনা ঘটে। একই দিন বিকেলে উভয় পক্ষ ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ জমা দেয়।
আহত লাকী বেগম উপজেলার পালানপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী। অভিযুক্ত ছালমা বেগম ব্র্যাকের ধাপেরহাট শাখায় মাঠ সংগঠক হিসেবে কর্মরত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, লাকী বেগম ব্র্যাক থেকে ৩০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। প্রায় দেড় বছর পরও কিছু বকেয়া থাকায় বুধবার বেলা ১১টার দিকে কিস্তির টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্র্যাক কার্যালয়ের সামনে তার সঙ্গে ছালমা বেগমের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। পরে লাকী বেগম বাড়ি ফিরে গেলেও স্বামীকে সঙ্গে নিয়ে পুনরায় বাজারে এলে দ্বিতীয় দফায় বিরোধ শুরু হয়। এ সময় ছালমা বেগম একটি লাঠি দিয়ে তার মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
লাকী বেগমের স্বামী মিন্টু মিয়া জানান, ঋণের প্রায় পুরো টাকাই পরিশোধ করা হয়েছে, মাত্র ১৫০০ টাকা বাকি ছিল। ওই সামান্য টাকার জন্যই এমন ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
অভিযুক্ত ছালমা বেগম প্রথমে কোনো মন্তব্য করতে না চাইলেও পরে ফোনে লাঠি দিয়ে আঘাত করার বিষয়টি স্বীকার করেন। তবে তার দাবি, দীর্ঘদিন ধরে তিন হাজার টাকা পাওনা রয়েছে এবং টাকা চাইতে গেলে গ্রাহক তাকে গালিগালাজ করেন। এ সময় গ্রাহকের স্বামীও তাকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন।
ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোশাররফ হোসেন বলেন, এ ধরনের ঘটনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। কোনো অন্যায়ের সঙ্গে জড়িত থাকলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সুপদ হালদার জানান, উভয় পক্ষের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



