রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ১০:৪৪ পিএম

স্ত্রীকে ভিডিও কলে রেখে পুলিশ সদস্যের আত্মহত্যা

সংগৃহীত

গাইবান্ধায় পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুর রহমান নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩৩ বছর বয়সী এই পুলিশ সদস্য স্ত্রীর সঙ্গে মুঠোফোনে ভিডিও কলে থাকা অবস্থায় আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা শহরে পুলিশ সুপারের সরকারি বাসভবনের ব্যারাক থেকে হাবিবুরের মরদেহ উদ্ধার করা হয়। তিনি সেখানে নিরাপত্তার দায়িত্বে কর্মরত ছিলেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হাবিবুর রহমান নীলফামারী সদর উপজেলার সরদারপাড়া এলাকার মন্টু মিয়ার ছেলে। গত ১২ আগস্ট তিনি ঢাকা থেকে বদলি হয়ে গাইবান্ধায় পুলিশ সুপারের সরকারি বাসভবনে নিরাপত্তার দায়িত্বে যোগ দেন।

ঘটনার দিন ব্যারাকের একটি কক্ষের শৌচাগারের দরজা দীর্ঘ সময় ধরে বন্ধ দেখতে পান সহকর্মীরা। ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় তাদের সন্দেহ হয়। পরে দায়িত্বপ্রাপ্ত কমান্ডার সোহেল মিয়া কয়েকবার ডাকাডাকি করেন। তাতেও সাড়া না মেলায় সহকর্মীদের সহায়তায় দরজা খোলা হয়।

এ সময় ভেতরে হাবিবুরকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তাকে উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।

পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ঘটনার আগে হাবিবুর স্ত্রীর সঙ্গে মুঠোফোনে ভিডিও কলে ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কী কারণে তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

মরদেহ উদ্ধারের পর ঘটনাটি তদন্ত শুরু হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। পাশাপাশি তার সহকর্মী ও পরিবারের সদস্যদের কাছ থেকেও তথ্য নেওয়া হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!