রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ডিপিএসের কথা বলে তালাকনামায় নববধূর স্বাক্ষর নিলেন স্বামী

নিউজ ডেস্ক

প্রকাশিত: মে ৭, ২০২৬, ০২:১৬ পিএম

ডিপিএসের কথা বলে তালাকনামায় নববধূর স্বাক্ষর নিলেন স্বামী

ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ডিপিএস খোলার কথা বলে নববধূর কাছ থেকে কৌশলে তালাকনামায় স্বাক্ষর নেওয়ার অভিযোগে স্বামীসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৯ এপ্রিল) গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালত এ আদেশ দেন। কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—কুদ্দুস মিয়া, তার বাবা ইসমাইল হোসেন, কাজী আব্দুল হামিদ এবং মামলার দুই সাক্ষী।

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ অক্টোবর কচুয়াপাড়া গ্রামের চাঁন মিয়ার মেয়ে চাম্পা খাতুনের সঙ্গে কুদ্দুস মিয়ার বিয়ে হয়। অভিযোগ রয়েছে, বিয়ের মাত্র তিন দিনের মাথায় তাকে ব্যাংকে ডিপিএস খোলার কথা বলে কয়েকটি কাগজে স্বাক্ষর করানো হয়। পরে তাকে বাবার বাড়িতে পাঠিয়ে মোবাইল ফোনে তালাক দেওয়ার বিষয়টি জানানো হয়।

চাম্পা খাতুনের দাবি, স্বামী, শ্বশুর, স্থানীয় কয়েকজন ও এক কথিত কাজীর উপস্থিতিতে তার কাছ থেকে ওই স্বাক্ষর নেওয়া হয়। পরে তিনি জানতে পারেন, সেগুলো ব্যাংকের কাগজ নয়, বরং তালাকনামা ছিল।

ঘটনার পর দীর্ঘদিন সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়ে ২০২৫ সালের ২১ ডিসেম্বর আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, লাইসেন্সপ্রাপ্ত কাজী ছাড়া অন্য কেউ বিয়ে বা তালাকের কার্যক্রম পরিচালনা করতে পারেন না। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!