প্রকাশিত: মে ৭, ২০২৬, ০৫:২৫ পিএম
লক্ষ্মীপুরের কমলনগরে বজ্রপাতে লিমা আক্তার নামে এক কোরআনের হাফেজ তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া গ্রামের সাতদরুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমা স্থানীয় মাছ ব্যবসায়ী খোকনের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে সঙ্গে তীব্র বজ্রপাতও হয়। এ সময় বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন লিমা। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দের সঙ্গে সঙ্গেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্য ও আশপাশের লোকজন দ্রুত তাকে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকা। জানা গেছে, মাত্র তিন মাস আগে কিডনি রোগে মারা যান লিমার মা জান্নাতুল ফেরদাউস। মায়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই মেয়ের এমন মৃত্যু পরিবারটিকে ভেঙে দিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাটিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। এলাকাবাসীও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



