প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৬:৫৩ পিএম
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত প্রবাসী বাংলাদেশি মুরাদ শেখ (৩৬) এর মরদেহ দীর্ঘ ১৬ দিন পর কফিনবন্দি অবস্থায় দেশে ফিরেছে। শনিবার সকালে মরদেহ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের দরাপেরডাঙ্গী গ্রামের নিজ বাড়িতে পৌঁছালে স্বজনদের আহাজারিতে পুরো এলাকা ভারী হয়ে ওঠে।
মুরাদ ওই গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। পরিবার জানায়, জীবিকার তাগিদে তিনি এক বছর আগে সৌদি আরবে যান।
গত ২৩ এপ্রিল সন্ধ্যায় সৌদি আরবের দাম্মাম শহরের জুবাইল এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও কাগজপত্র সম্পন্ন করতে সময় লাগায় ১৬ দিন পর তার মরদেহ দেশে আনা সম্ভব হয়।
শনিবার ভোরে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে সকাল ৯টায় বাড়িতে আনা হলে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন।
বেলা ১১টায় স্থানীয় উজানচর দুঃদুখান পাড়া হাফেজিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা সন্তান, ১০ মাস বয়সী এক পুত্র সন্তান এবং বৃদ্ধা মা রেখে গেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার জানায়, মরদেহ দেশে আনার প্রক্রিয়ায় সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও স্থানীয়দের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।



