চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ৩০, ২০২৬, ১০:০২ পিএম
ফাইল ছবি
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধা ও দোয়া কামনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)।শনিবার (৩০ মে) চাকসুর সাধারণ সম্পাদক সাঈদ বিন হাবিব স্বাক্ষরিত এক বিবৃতিতে এ শ্রদ্ধা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি, মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ও ‘বীর উত্তম’ খেতাবপ্রাপ্ত এই নেতার শাহাদাতবার্ষিকীতে চাকসু গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে স্মরণ করছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষণা পাঠের মাধ্যমে জিয়াউর রহমান জাতিকে সাহস ও দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি হিসেবে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা প্রতিষ্ঠা, কৃষি ও গ্রামীণ উন্নয়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং উৎপাদনমুখী অর্থনীতি গঠনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন।
চাকসুর বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের মর্যাদা বৃদ্ধিতে এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা জোরদারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পাশাপাশি মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংকট নিরসনের কূটনৈতিক প্রচেষ্টায়ও তিনি সক্রিয় ছিলেন।
বিবৃতির শেষাংশে চাকসুর পক্ষ থেকে জিয়াউর রহমানের মাগফিরাত কামনা করা হয়। এতে বলা হয়, আল্লাহ যেন তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে রহমতের চাদরে আবৃত রাখেন।
মাতৃভূমির খবর