রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৭:০১ পিএম

জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

প্রতীকী ছবি

শেরপুরের শ্রীবরদী উপজেলায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১ জুন) দুপুর আড়াইটার দিকে উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো পূর্ব বাদে ঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে মো. হানাজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে মো. সিদ্দিক মিয়া (৬)। তারা পাশাপাশি বাড়ির বাসিন্দা এবং ঘনিষ্ঠ বন্ধু ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি ডোবায় বৃষ্টির জমে থাকা পানিতে কলাগাছ দিয়ে তৈরি ভেলায় খেলছিল দুই শিশু। খেলাধুলার একপর্যায়ে তারা পানিতে পড়ে যায়। দীর্ঘ সময় তাদের খোঁজ না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা অনুসন্ধান শুরু করেন। পরে ডোবা থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। পরবর্তী সময়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!