প্রকাশিত: জুন ২, ২০২৬, ১২:১২ এএম
চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর গ্রামে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৪০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত শাফায়াত উল্লাহ যদুপুর গ্রামের কুমিল্লাপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম ছিলেন এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপ তাকে দংশন করে। রাত ১টার দিকে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সোমবার সকালে তিনি মারা যান।
শাফায়াত উল্লাহ ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, মুসল্লি ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশাররফ হোসেন জানান, শাফায়াত উল্লাহ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোক নেমে এসেছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমেল রানা বলেন, সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।



