রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৬, ০২:০৮ পিএম

স্বামীর লাশ নিয়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল স্ত্রীর

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে স্বামীর মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে নড়াইলে সড়ক দুর্ঘটনায় জাহানারা বেগম (৫২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। একই ঘটনায় হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন অ্যাম্বুলেন্সচালক আকবর আলী (২৭)। আহত হয়েছেন অন্তত পাঁচজন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর উপজেলার বালিয়াডাঙ্গা এলাকায় ঢাকা-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগমের বাড়ি যশোর সদর উপজেলার মাহিদিয়া এলাকায়। অপর নিহত আকবর আলীর বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার ভোরে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান পুলিশে কর্মরত উপ-পরিদর্শক আবু তাহেরের বাবা ইসমাইল হোসেন। পরে তার মরদেহ অ্যাম্বুলেন্সে করে যশোরের গ্রামের বাড়িতে নেওয়া হচ্ছিল।

পথিমধ্যে নড়াইল সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি স্থানীয় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই নিহত হন ইসমাইল হোসেনের স্ত্রী জাহানারা বেগম। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সচালকসহ মোট ছয়জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সচালক আকবর আলীর মৃত্যু হয়।

আহতরা নড়াইল জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, ইসমাইল হোসেনের মরদেহসহ দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ নড়াইল জেলা হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!