রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

পদত্যাগের ৪৮ ঘণ্টা পর মুখ খুললেন দীপেন দেওয়ান

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৬, ১০:৫২ এএম

পদত্যাগের ৪৮ ঘণ্টা পর মুখ খুললেন দীপেন দেওয়ান

ফাইল ছবি

অসুস্থতার কারণ দেখিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগের প্রায় ৪৮ ঘণ্টা পর প্রথমবারের মতো মুখ খুলেছেন দীপেন দেওয়ান। বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের প্রতি শান্ত, ধৈর্যশীল ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান।

পদত্যাগের পর তার নীরবতা ঘিরে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হলেও ফেসবুক পোস্টে তিনি বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের আবেগ, উদ্বেগ ও প্রতিক্রিয়া সম্পর্কে তিনি অবগত রয়েছেন। তবে সবাইকে উসকানি, বিভ্রান্তি ও সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার অনুরোধ জানান।

দীপেন দেওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রাম সবার এবং এই অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও শান্তি রক্ষার দায়িত্বও সবার। পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক আস্থা আরও সুদৃঢ় হোক বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে সাবেক এই মন্ত্রী বলেন, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছিলেন। রাজনৈতিক জীবনের শুরু থেকে এখন পর্যন্ত তিনি দলের একজন নিবেদিত কর্মী হিসেবে কাজ করে যাচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার রাজনৈতিক আদর্শের ঠিকানা এবং জীবনের শেষ দিন পর্যন্ত দল, দলের আদর্শ ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। ব্যক্তিগত বা রাজনৈতিক যেকোনো পরিস্থিতিতেই দলের প্রতি তার আনুগত্য অটুট থাকবে এবং বিএনপি কখনো ত্যাগ করবেন না বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টের শেষদিকে তিনি প্রধান উপদেষ্টা তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!