প্রকাশিত: জুন ৫, ২০২৬, ০৭:২৮ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের বাসটি প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় উদ্ধার করা হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় নৌ পুলিশ।
জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী নন-এসি এসবি সুপার ডিলাক্স বাসটির চালক ছিলেন মো. ঝন্টু আলী। তার সঙ্গে ছিলেন হেলপার সাকিন ও সুপারভাইজার আজমল।
বাসচালক ঝন্টু আলী জানান, সকাল ৭টা ১০ মিনিটে কুষ্টিয়া থেকে ৩৭ জন যাত্রী নিয়ে বাসটি ছেড়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ঘাটে পৌঁছে সব যাত্রীকে নামিয়ে দেওয়া হয়।
তার ভাষ্য, যাত্রী নামানোর পর তিনি ও হেলপার বাসটি নিয়ে সংযোগ সড়ক দিয়ে পন্টুনের দিকে যাচ্ছিলেন। এ সময় ব্রেক চাপলেও গাড়ির ব্রেক কাজ করছিল না। বিষয়টি বুঝতে পেরে তিনি হেলপারকে দ্রুত লাফ দিতে বলেন।
তিনি বলেন, “গাড়ির গতি বাড়তে থাকে। একপর্যায়ে বাসটি পন্টুনের ওপর উঠে ব্যারিকেড ভেঙে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। তখন গাড়িতে আমি একাই ছিলাম। পরে জানালা দিয়ে বের হয়ে সাঁতরে তীরে উঠি।”
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল অভিযান চালিয়ে প্রায় আড়াই ঘণ্টা পর বাসটি নদী থেকে তুলে আনে।
উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে পদ্মা নদীতে পড়ে যায়। ওই ঘটনায় ২৬ জনের মৃত্যু হয়েছিল।



