রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর দুই পা বিচ্ছিন্ন

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৪:২৮ পিএম

চলন্ত ট্রেন থেকে পড়ে যাত্রীর দুই পা বিচ্ছিন্ন

ফাইল ছবি

গাইবান্ধার বোনারপাড়া রেলস্টেশন এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে রিপন মিয়া (৩৫) নামে এক যাত্রীর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বোনারপাড়া রেলস্টেশনের সিগন্যাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রিপন মিয়া জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দলদিয়া গ্রামের দুদু মিয়ার ছেলে।

স্থানীয় ও রেলওয়ে সূত্রে জানা গেছে, সান্তাহার থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনটি বোনারপাড়া স্টেশনে যাত্রাবিরতি শেষে গাইবান্ধার উদ্দেশে ছেড়ে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন রিপন।

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বোনারপাড়া রেলওয়ে পুলিশ। পরে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে রক্তক্ষরণ নিয়ন্ত্রণের পর উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়।

বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক জিয়াউর রহমান জিয়া জানান, ট্রেনের নিচে পড়ে রিপনের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনার পর তার জ্ঞান থাকলেও কীভাবে ঘটনাটি ঘটেছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ট্রেনের দরজার হাতল ধরে দাঁড়িয়ে ছিলেন। অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে ট্রেনের চাকায় তার দুই পা কেটে যায়।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!