প্রকাশিত: জুন ১০, ২০২৬, ১১:২৭ পিএম
বরগুনার সদর উপজেলায় ঝড়ে ছিঁড়ে পুকুরে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মা ও তার দুই বছর বয়সী ছেলে নিহত হয়েছেন।
বুধবার (১০ জুন) বিকেলে উপজেলার ঢলুয়া ইউনিয়নের রায়ভোগ এলাকায় নিজ বাড়ির পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন রায়ভোগ এলাকার বাসিন্দা মিরাজের স্ত্রী নুপুর আক্তার এবং তাদের দুই বছর বয়সী ছেলে শাহাদাত।
পুলিশ ও স্বজনদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে ঝড়ো হাওয়া ও বৃষ্টির সময় একটি গাছ উপড়ে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়ে যায়। তবে বিষয়টি পরিবারের কেউ টের পাননি। বুধবার দুপুরে নুপুর তার শিশুপুত্রকে নিয়ে পুকুরে গেলে ছেঁড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিকেলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করতে গিয়ে পুকুরে মা ও শিশুর মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের স্বজনরা জানান, ঝড়ে তার ছিঁড়ে পুকুরে পড়ে থাকলেও কেউ তা জানতেন না। এ কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



