রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রথমবারের মতো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতি

মো তামিম আহমেদ

প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৪:২১ পিএম

প্রথমবারের মতো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করছে ঢাকা পলিটেকনিক সাংবাদিক সমিতি

ছবি: প্রতিনিধি

সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ক্যাম্পাসভিত্তিক বস্তুনিষ্ঠ সংবাদচর্চা জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি।

আয়োজক সূত্রে জানা যায়, আগামী ২৯ জুন ২০২৬ (সম্ভাব্য) তারিখে ইনস্টিটিউটের লাইব্রেরিতে এ কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় দেশের স্বনামধন্য গণমাধ্যম ব্যক্তিত্ব ও অভিজ্ঞ সাংবাদিকরা প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের শিক্ষা, সংস্কৃতি, সাফল্য, সমস্যা-সম্ভাবনা এবং শিক্ষার্থীদের বিভিন্ন কার্যক্রম বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার কাজ করে আসছে। ক্যাম্পাস সাংবাদিকতায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এ কর্মশালাকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন আয়োজকরা।

কর্মশালায় অংশগ্রহণকারীরা সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখা, সাক্ষাৎকার গ্রহণ, সংবাদ উপস্থাপন, গণমাধ্যম নৈতিকতা এবং ডিজিটাল সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, কর্মশালায় অংশগ্রহণের জন্য ইতোমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৭ জুন ২০২৬ পর্যন্ত নিবন্ধন করতে পারবেন।

অংশগ্রহণকারীদের জন্য নোটপ্যাড, কলম, সনদপত্র এবং নাস্তার ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছে।

ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কর্মশালার মাধ্যমে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে সাংবাদিকতা বিষয়ে আগ্রহ বৃদ্ধি পাবে এবং ক্যাম্পাসভিত্তিক দায়িত্বশীল সংবাদচর্চা আরও সমৃদ্ধ হবে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!