প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ১১:৩৩ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এডিবির অর্থায়নে চলমান একটি রাস্তার উন্নয়নকাজে চাঁদা দাবির অভিযোগ উঠেছে| অভিযোগ রয়েছে, চাঁদা না পেয়ে স্থানীয় কয়েকজন নেতা কাজ বন্ধ করে দেন এবং শ্রমিকদের মারধর করেন| এ সময় সংবাদ সংগ্রহে গেলে সাংবাদিকদের সঙ্গেও দুর্ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে| এ ঘটনায় সংশ্লিষ্ট কাজের ঠিকাদার, মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আলী হোসেন জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন|
অভিযোগ সূত্রে জানা যায়, কৃষ্ণপুর গ্রামে এডিবির আওতায় ৫৭ মিটার রাস্তা নির্মাণের কাজ পান ঠিকাদার আলী হোসেন| কাজ শুরুর জন্য শ্রমিকরা রাস্তায় ইট ও বালু ফেলেন| কাজ চলাকালে রায়পুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিছুর রহমান, ২ ন¤^র ওয়ার্ড বিএনপির নেতা হারুন-অর-রশীদ এবং যুবলীগ নেতা তুহিন ঠিকাদারের হেডমিস্ত্রির কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে|
অভিযোগে আরও বলা হয়, চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে শ্রমিকদের সঙ্গে অসদাচরণ করা হয়| একপর্যায়ে কয়েকজন শ্রমিককে মারধর করে কাজ বন্ধ করে দেওয়া হয়| তাদের গাছের সঙ্গে বেঁধে রাখার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে| পরে ঠিকাদার ঘটনাস্থলে গেলে বিষয়টি জানতে সাংবাদিকরা সেখানে উপস্থিত হন| এ সময় অভিযুক্তরা সাংবাদিকদের ওপর চড়াও হন এবং ধাক্কাধাক্কি করেন বলে অভিযোগ করা হয়েছে|
জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির (অনলাইন) প্রতিনিধি মো. রিপন হোসেন বলেন, ‘চাঁদার দাবিতে রাস্তার কাজ বন্ধের খবর পেয়ে আমরা তিনজন গণমাধ্যমকর্মী ঘটনাস্থলে যাই| সেখানে সংবাদ সংগ্রহকালে আনিছুর রহমান, হারুন-অর-রশীদ ও তুহিনের নেতৃত্বে কয়েকজন মব সৃষ্টি করে আমাদের সাথে দুর্ব্যবহার ও ধাক্কাধাক্কি করে|’
এ বিষয়ে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ বলেন, ‘কৃষ্ণপুরে রাস্তার কাজে চাঁদা দাবির অভিযোগে আলী হোসেন নামে এক ঠিকাদার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন| বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|’



