প্রকাশিত: জুলাই ১৩, ২০২৬, ০১:০৮ পিএম
অতিভারি বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি, ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বহু বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।
১৩ জুলাই সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টার ভারী বৃষ্টিতে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়ে। কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও পথচারীদের পানির মধ্যে ঝুঁকি নিয়ে চলাচল করতে দেখা গেছে।
সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন চলমান এইচএসসি পরীক্ষার্থীরা। নগরীর কয়েকটি পরীক্ষাকেন্দ্রে যেতে অনেক শিক্ষার্থীকে কোমরসমান পানি পার হতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে পরীক্ষার হলে পৌঁছেছেন। জলাবদ্ধতার কারণে অনেক শিক্ষার্থী সময়মতো কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়েছেন।
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে সিটি করপোরেশন কার্যালয়ের আশপাশ, পুলিশ লাইন, বাগিচাগাঁও, তালপুকুরপাড়, ডিসি রোড, ছোটরা, শিক্ষাবোর্ড এলাকা, মহিলা কলেজ, ভিক্টোরিয়া কলেজ, ঝাউতলা, মনোহরপুর, সদর হাসপাতাল সড়ক, স্টেডিয়াম এলাকা, রানীরবাজার, হাউজিং এস্টেটসহ বেশ কয়েকটি এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
নিচু এলাকার অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দারা চরম সমস্যায় পড়েছেন। রাস্তায় জমে থাকা পানির কারণে যান চলাচলেও বিঘ্ন ঘটছে। অনেক জায়গায় ড্রেনের পানি উপচে পড়ে পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
এক পরীক্ষার্থী জানান, নগরীর উঁচু এলাকাগুলোতেও যদি এভাবে পানি জমে যায়, তাহলে শিক্ষার্থীদের দুর্ভোগ আরও বেড়ে যায়। দীর্ঘদিন ধরে কুমিল্লা নগরীতে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সমস্যা দেখা দিলেও এর স্থায়ী সমাধান হচ্ছে না বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।
সিটি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিরিক্ত বৃষ্টির কারণে ড্রেন ও খালের পানি দ্রুত নিষ্কাশন হতে না পারায় সড়কে পানি জমেছে। পানি অপসারণে কর্মীরা কাজ করছেন এবং যেসব স্থানে পানি আটকে আছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুমিল্লায় আবহাওয়া পর্যবেক্ষণ অনুযায়ী, ওই তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া বিভাগ জানিয়েছে, আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে নগরবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



