প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৬, ০৪:২৯ পিএম
কুমিল্লার মুরাদনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউন করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ২২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার আলীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২৬ আগস্ট) দুপুরে গ্রেপ্তার ছয়জনকে কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মো. জাহিদুল ইসলাম (২১), দড়িমাছিমপুর গ্রামের মো. ইব্রাহিম (২০) ও নুরুজ্জামান (২১), গাংগাটিয়া গ্রামের মো. সাকিব (১৯), বল্লভদী গ্রামের মেহেদী মমিন সাহেদ (২২) এবং ছয়ফুল্লাকান্দি গ্রামের মো. সাইফুল (১৮)। পুলিশের ভাষ্য অনুযায়ী, তারা ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের সঙ্গে সম্পৃক্ত।
পুলিশের দাবি, মঙ্গলবার বিকেলে আলীরচর গ্রামের চাঁন মিয়া মোল্লা ডিগ্রি কলেজ মাঠে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কয়েকজন সদস্য একত্রিত হন। সেখানে তারা সংগঠনের পক্ষে মিছিল ও শোডাউনের প্রস্তুতি নিচ্ছিলেন। একই সঙ্গে জনমনে ভয়ভীতি সৃষ্টি এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের পরিকল্পনা করা হচ্ছিল বলে পুলিশের অভিযোগ।
খবর পেয়ে মুরাদনগর থানার উপপরিদর্শক সুমন তালুকদারের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। অভিযানের সময় ছয়জনকে আটক করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা ঘটনাস্থল থেকে সরে যান বলে জানা গেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। মামলায় ২২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে। বুধবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।



