রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় প্রাণ হারাল শিশু

নিউজ ডেস্ক

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬, ০৭:০৫ পিএম

চাঁদা তোলার সময় হাতির ধাক্কায় প্রাণ হারাল শিশু

সংগৃহীত

ফরিদপুরের সদরপুর উপজেলায় হাতি নিয়ে পথচারী ও যানবাহনের কাছ থেকে অর্থ আদায়ের সময় ঘটে গেল হৃদয়বিদারক দুর্ঘটনা। হাতির ধাক্কায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা উল্টে গিয়ে মাত্র ১০ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

মঙ্গলবার দুপুরে সদর ইউনিয়নের আটরশি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আরিশা জান্নাত ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের বাসিন্দা সজিব মোল্লার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ শিশুকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য তার মা ব্যাটারিচালিত অটোরিকশাযোগে সদরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। পথিমধ্যে আটরশি এলাকায় এক ব্যক্তি হাতি নিয়ে বিভিন্ন যানবাহনের গতিরোধ করে অর্থ সংগ্রহ করছিলেন। এ সময় হাতিটি অটোরিকশার খুব কাছে চলে এসে ধাক্কা দিলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তেই অটোরিকশাটি উল্টে যায়।

দুর্ঘটনায় শিশুটি অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা হাতির মাহুতকে আটক করে মারধর করে এবং হাতিটিকেও আটকে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাহুতকে হেফাজতে নেয়।

আটক মাহুত বকুল মিয়ার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টদের দায় নির্ধারণে তদন্ত শুরু হয়েছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে হাতি নিয়ে সড়কে অর্থ আদায়ের প্রবণতা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়েছে। তাদের মতে, এ ধরনের কার্যক্রম জননিরাপত্তার জন্য বড় ঝুঁকি তৈরি করছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!