রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভাঙ্গায় বাসের ধাক্কায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ১০:৩৬ এএম

ভাঙ্গায় বাসের ধাক্কায় তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে আর বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর। দ্রুতগতির একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তারা। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের দলিল উদ্দিন মোল্লার ছেলে চয়ন মোল্লা (২৩), হাসনহাটি গ্রামের এনায়েত শেখের ছেলে নয়ন শেখ (২৩) এবং একই গ্রামের আজগর শেখের ছেলে সিয়াম শেখ (২৫)। চয়ন মোল্লা বিদেশে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তিন বন্ধু শনিবার বিকেলে নগরকান্দা থেকে মোটরসাইকেলে করে ভাঙ্গা গোলচত্বর এলাকায় ঘুরতে বের হন। সন্ধ্যার পর তারা মোটরসাইকেলে বাড়ির দিকে ফিরছিলেন। নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে ফরিদপুর থেকে ভাঙ্গার দিকে আসা একটি দ্রুতগতির বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। ঘটনাস্থলেই গুরুতর আহত অবস্থায় পড়ে থাকা চয়ন মোল্লার মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত নয়ন শেখ ও সিয়াম শেখকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় নওপাড়া বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন স্থানীয় বাসিন্দা অবস্থান করছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে তারা সড়কের দিকে ছুটে যান। সেখানে মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে তিন যুবককে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধারে এগিয়ে আসেন।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল খান জানান, দুর্ঘটনার পর তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের ব্যবহৃত মোটরসাইকেলটির নিবন্ধন ছিল না। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং বাসটির চালকের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এদিকে, গত এক সপ্তাহে ভাঙ্গা উপজেলায় একের পর এক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। মাত্র সাত দিনে পাঁচটি দুর্ঘটনায় নয়জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। মহাসড়কে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ, নিয়মিত পুলিশি নজরদারি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তিন বন্ধুর আকস্মিক মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন ও স্থানীয়দের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!