রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্ট্রোকে প্রেমিকার মৃত্যু, শোক সইতে না পেরে বিষপান করে প্রাণ দিলেন যুবক

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ০১:০১ পিএম

স্ট্রোকে প্রেমিকার মৃত্যু, শোক সইতে না পেরে বিষপান করে প্রাণ দিলেন যুবক

সংগৃহীত

ফরিদপুর শহরের কমলাপুর এলাকায় প্রেমিকার আকস্মিক মৃত্যুর খবর শুনে বিষপানে এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত তরুণের নাম তানভীর হোসেন। তার বয়স ১৯ বছর। সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যায় কমলাপুর চানমারী এলাকায় বোনের বাসায় এ ঘটনা ঘটে।

তানভীর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মফিজদ্দিন খালাসীর ডাঙ্গী এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার মৃত মো. আশরাফ হোসেনের ছেলে। কিছুদিন আগে বোনের বাসায় বেড়াতে এসেছিলেন তিনি।

পরিবারের সদস্যদের ভাষ্য, সোমবার বিকেলে তানভীর তার প্রেমিকার আকস্মিক মৃত্যুর খবর জানতে পারেন। ওই তরুণী স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। কাছের একজনের এমন আকস্মিক মৃত্যুর সংবাদ পাওয়ার পর তানভীর মানসিকভাবে ভেঙে পড়েন বলে স্বজনেরা জানান।

খবর পাওয়ার কিছুক্ষণ পরই তিনি ঘরের ভেতরে গিয়ে বিষপান করেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরে অসুস্থ অবস্থায় তাকে দেখতে পেয়ে স্বজনেরা দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তানভীরের মৃত্যু হয়। স্বজনদের দাবি, প্রেমিকার মৃত্যুর শোক সহ্য করতে না পেরেই তিনি এমন চরম সিদ্ধান্ত নিয়েছেন। তবে ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে তিনি বিষপান করেছেন, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।

তানভীরের বোন তানজিলা আক্তার জানান, তার ভাইয়ের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। মেয়েটির আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পর তানভীর প্রচণ্ডভাবে ভেঙে পড়েন। পরে বিষপানের ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর তানভীরের পরিবারের পক্ষ থেকে থানায় লিখিতভাবে অপমৃত্যুর তথ্য জানানো হয়েছে। তার বড় ভাই মো. সাইফুর রহমান ও মা ছালেহা বেগম থানায় গিয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অপমৃত্যুর তথ্য দেওয়া হয়েছে। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে অল্প সময়ের ব্যবধানে প্রেমিকার মৃত্যুর পর তানভীরের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই ঘটনায় এলাকায়ও তৈরি হয়েছে নানা আলোচনা। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি আইনগত তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে।

 

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!