প্রকাশিত: আগস্ট ১, ২০২৬, ০৯:২২ পিএম
চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩২ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম স্বর্ণসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ০১ আগস্ট বিকাল ৪টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় এ অভিযান চালায়।
৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, ভারতে স্বর্ণ পাচারের তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৭৮ এলাকায় টহল দল অবস্থান নেয়। এসময় মোটরসাইকেলে যাওয়ার সময় এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়।
আটকৃতের দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার বাজারমূল্য আনুমানিক ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
এছাড়াও তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়। আটকৃত ব্যক্তি: নাম: মোঃ রবিউল ইসলাম (৩৪), গ্রাম: ছয়ঘরিয়া, উপজেলা: দর্শনা, জেলা: চুয়াডাঙ্গা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রবিউল স্বীকার করেন তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের জন্য নিয়ে যাচ্ছিলেন। আটককৃতকে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।
লেঃ কর্নেল নাজমুল হাসান বলেন, "সীমান্তে চোরাচালান ও পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।"



