রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ভূমি অফিসে অনিয়ম, একযোগে সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৩:১৫ পিএম

ভূমি অফিসে অনিয়ম, একযোগে সব কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

সংগৃহীত

গাজীপুরের কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে অনিয়ম ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় একযোগে সব দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সোমবার সকালে জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, পূর্বঘোষণা ছাড়াই কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে উপস্থিত হন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া। পরিদর্শনের সময় তিনি অফিসের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় বিভিন্ন সেবাগ্রহীতা ভূমি-সংক্রান্ত কাজে হয়রানি, বিলম্ব এবং নানা অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

অভিযোগগুলো তাৎক্ষণিকভাবে যাচাই-বাছাই করে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। এর অংশ হিসেবে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওয়াজেদ আলী খান, অফিস সহকারী মোস্তফা কামাল, সফিকুল ইসলাম খান ও আব্দুল হালিমকে সাময়িক বরখাস্ত করা হয়।

জেলা প্রশাসক জানান, জনগণকে হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই প্রশাসনের অন্যতম লক্ষ্য। কোনো সরকারি দপ্তরে দায়িত্বে অবহেলা, অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে তিনি সফিপুর এলাকার আরেকটি ভূমি অফিসও পরিদর্শন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের জনগণকে দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাশিমপুর ভূমি অফিসে ওঠা অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত থাকবে। তদন্তে আরও অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ভূমি সেবার মান উন্নয়ন এবং সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিত তদারকি জোরদার করার কথাও জানিয়েছে জেলা প্রশাসন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!