রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও বরগুনায়

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৬, ০৬:৪৩ পিএম

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও বরগুনায়

সংগৃহীত

ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট, চাহিদার তুলনায় অপ্রতুল বিদ্যুৎ সরবরাহ এবং নিম্নমানের গ্রাহকসেবার প্রতিবাদে বরগুনায় বিক্ষোভ, বিদ্যুৎ কার্যালয় ঘেরাও এবং প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে চলমান বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে বলে অভিযোগ তুলে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

সোমবার (৩ আগস্ট) সকালে বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা বিপুলসংখ্যক নারী-পুরুষ এতে অংশ নেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ এবং ঘেরাও কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বরগুনায় প্রতিদিন প্রায় ৩০ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হলেও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে সরবরাহ করা হচ্ছে সর্বোচ্চ ১০ মেগাওয়াট। ফলে প্রয়োজনের তুলনায় অনেক কম বিদ্যুৎ পাওয়ায় দিনের পাশাপাশি রাতেও দীর্ঘ সময় লোডশেডিং করতে হচ্ছে। উপকূলীয় জেলা হওয়া সত্ত্বেও বিদ্যুৎ বরাদ্দে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগও তোলেন তারা।

প্রতিবাদকারীরা বলেন, অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণে বাসাবাড়ির বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে লোকসান বাড়ছে, শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং চিকিৎসাসহ বিভিন্ন জরুরি সেবাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে দুর্বল ভোল্টেজের কারণে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

পরে একটি প্রতিনিধিদল সংশ্লিষ্ট কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেয়। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছেও এর অনুলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান, পুরোনো বিদ্যুৎ লাইন ও উপকেন্দ্র সংস্কার, অযৌক্তিক অতিরিক্ত অর্থ আদায় বন্ধ এবং উপকূলীয় অঞ্চলের বিদ্যুৎ অবকাঠামো আরও দুর্যোগসহনশীল করার দাবি জানানো হয়।

সমাবেশ থেকে বক্তারা সতর্ক করে বলেন, আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলেও তারা আশা প্রকাশ করেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!