প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬, ১১:৫৭ এএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কার্য সহকারী সমর সাহাকে সামাজিক যোগাযোগমাধ্যমে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রশাসনিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। বুধবার তাকে মাধবপুর উপজেলা থেকে বাগেরহাটের মোংলা উপজেলায় সংযুক্ত করা হয়। বিষয়টি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সমর সাহাকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে। একই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।
জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারসংক্রান্ত একটি সংবাদভিত্তিক আলোকচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর সমর সাহা নিজের ব্যক্তিগত হিসাব থেকে একটি মন্তব্য করেন। ওই মন্তব্যটি প্রকাশের পর তা বিভিন্ন মহলে ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই একজন সরকারি কর্মচারীর প্রকাশ্য মন্তব্যের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তোলেন।
এদিকে বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গন থেকেও প্রতিক্রিয়া এসেছে। উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল অভিযোগ করেন, বিভিন্ন সরকারি দপ্তরে এখনও আগের সরকারের সমর্থক ব্যক্তিরা সক্রিয় রয়েছেন। তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে অবস্থান করে কেউ যদি সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা করেন, তবে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমর সাহার বিরুদ্ধে স্ট্যান্ড রিলিজের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। তবে এ বিষয়ে অন্য কোনো প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।



