রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জে ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডারের মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৬, ১০:৪৩ এএম

হবিগঞ্জে ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা  কমান্ডারের মৃত্যুর অভিযোগ

সংগৃহীত

হবিগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু ঘিরে ভুল চিকিৎসা ও কর্তব্যে অবহেলার অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে হবিগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়। তিনি হবিগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃতের স্বজনদের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তাকে যথাযথ চিকিৎসা দেওয়া হয়নি। চিকিৎসকের ভুল চিকিৎসার পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্ব পালনে গাফিলতির কারণেও তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে তারা দাবি করেছেন। অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তাৎক্ষণিকভাবে তদন্তের উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

সোমবার রাতে জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ স্বাক্ষরিত এক আদেশে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. রত্নদ্বীপ বিশ্বাসকে। কমিটিতে আরও থাকছেন পুলিশ সুপারের মনোনীত একজন প্রতিনিধি, জেলা প্রশাসকের মনোনীত একজন প্রতিনিধি এবং হবিগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক সদর হাসপাতালের একজন প্রতিনিধি।

তদন্ত কমিটিকে অভিযোগের বিষয়ে সরেজমিনে অনুসন্ধান করার পাশাপাশি চিকিৎসার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে চিকিৎসার নথিপত্রসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ পর্যালোচনা করে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করতে বলা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গোলাম মোস্তফা রফিকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে তাকে দেখতে এবং পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছুটে যান। জাতীয় সংসদের হুইপ জি কে গউছ, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনসহ রাজনৈতিক নেতা, সাংবাদিক ও মুক্তিযোদ্ধারা সেখানে উপস্থিত হন।

তার মৃত্যুতে স্থানীয়ভাবে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তবে চিকিৎসায় কোনো ধরনের অনিয়ম বা অবহেলা হয়েছিল কি না, তা তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই স্পষ্ট হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!