প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৫:৪১ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া সেতু এলাকায় তেলবাহী লরি, বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) দুপুরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
নিহত দুজন হলেন মাধবপুর উপজেলার রতনপুর গ্রামের রিপন মিয়া (২৭) এবং পশ্চিম মাধবপুর এলাকার নাসির উদ্দিনের ছেলে আবুল খায়ের (৫০)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে বেজুড়া সেতুর কাছে ঢাকা-সিলেট মহাসড়কে একটি তেলবাহী লরির সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বালুবাহী ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে চলাচল করা একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর গিয়ে পড়ে। এতে ট্রাকে থাকা রিপন মিয়া এবং অটোরিকশার যাত্রী আবুল খায়ের গুরুতরভাবে আহত হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ, শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে হতাহতদের উদ্ধার করেন। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়ার জন্য হাইওয়ে থানায় নেওয়া হয়।
মাধবপুর থানার উপপরিদর্শক ফারুক মিয়া জানান, লরি ও বালুবাহী ট্রাকের সংঘর্ষের পর ট্রাকটি অটোরিকশার ওপর উঠে গেলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উদ্ধারকারী দল ও পুলিশ দ্রুত কাজ করে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত যানবাহনগুলো জব্দ করা হয়েছে এবং ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।



