রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বোমা সদৃশ বস্তু বিকট শব্দে বিস্ফোরণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৬, ০২:২৯ পিএম

বরিশাল আদালত চত্বরে বোমা  সদৃশ বস্তু বিকট শব্দে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

বরিশাল জেলা ও দায়রা জজ আদালত চত্বরে বোমাসদৃশ একটি বস্তু বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আদালতের প্রধান ফটকের ভেতরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ বিস্ফোরণ ঘটে। এতে আদালত এলাকায় মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টার দিকে আদালতের কার্যক্রম চলাকালে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। শব্দের উৎস খুঁজতে বাইরে এসে আদালতের প্রধান ফটকের ভেতরে একটি কার্যালয়ের সামনের অংশে বিস্ফোরণের চিহ্ন দেখতে পান সংশ্লিষ্টরা। পরে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে ফেলে। পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগের অপরাধস্থল পরিদর্শনকারী দলও সেখানে গিয়ে আলামত সংগ্রহ ও পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করে। বিস্ফোরিত বস্তুটি আসলে কী ছিল, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আল মামুন-উল ইসলাম জানান, বিস্ফোরণের স্থানটি চিহ্নিত করা হয়েছে। বস্তুটি বোমা, ককটেল নাকি অন্য কোনো ধরনের বিস্ফোরক—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করছেন।

আদালতের আইনজীবীরা জানিয়েছেন, বিস্ফোরণের সময় তারা আদালতের ভেতরে বিচারিক কার্যক্রমে ব্যস্ত ছিলেন। আকস্মিক বিকট শব্দে অনেকে আতঙ্কিত হয়ে পড়েন। তবে বিস্ফোরণে কেউ আহত বা নিহত হননি।

ঘটনার পর আদালত চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণের উৎস, ঘটনার পেছনে কারা জড়িত এবং কী উদ্দেশ্যে বস্তুটি সেখানে রাখা হয়েছিল—এসব বিষয় খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!