রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৬, ০৯:২৪ পিএম

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

ছবিঃ সংগৃহীত

দিনাজপুরে দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই দিনাজপুর শহরের নয়নপুর এলাকার বাসিন্দা।

নিহতরা হলেন—নয়নপুর এলাকার জুলফিকার আলী ভুট্টুর ছেলে রিফাত ইমন (২২) এবং একই এলাকার কামরুজ্জামান বাবলুর ছেলে এন্তাজুল হক সোহাগ (২৮)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যার দিকে ফুলবাড়ী থেকে দিনাজপুরের দিকে একটি দ্রুতগতির ট্রাক যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলে করে আসছিলেন ইমন ও সোহাগ। জালিয়াপাড়া এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলচালক রিফাত ইমন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন অপর আরোহী এন্তাজুল হক সোহাগকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। নিহতদের স্বজনেরা হাসপাতালে ও ঘটনাস্থলে গিয়ে তাদের পরিচয় শনাক্ত করেন। দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দিনাজপুর কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সদস্যরা এসে মরদেহ শনাক্ত করেছেন। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও কাগজপত্র সম্পন্ন করার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট যানবাহন সম্পর্কে প্রয়োজনীয় তথ্যও যাচাই করা হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!