রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

স্বামীর চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-কন্যা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৪:২৬ পিএম

স্বামীর চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট স্ত্রী-কন্যা

সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্বামীর চোখের সামনেই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্ত্রী ও কন্যার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহত নারীর স্বামীও গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার বাসিন্দা সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) এবং তাদের মেয়ে নুসাইফা আক্তার (১২)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সেলিম হোসেন স্ত্রী সম্পা বেগম ও মেয়ে নুসাইফাকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে জামাইয়ের বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন। তারা ঘোড়াঘাটের জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান তিনজন।

এর পরপরই পেছন থেকে আসা আরেকটি ট্রাক তাদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই সম্পা বেগম ও তার মেয়ে নুসাইফা আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনার ভয়াবহ দৃশ্য নিজের চোখে দেখেন সেলিম। তিনিও এ ঘটনায় গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহত সেলিমকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এবং দায়ী যানবাহনগুলোর বিষয়ে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!