রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

ছেলেকে নৌকায় তুলে দিয়ে হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৬, ০৫:২৮ পিএম

ছেলেকে নৌকায় তুলে দিয়ে হ্রদে তলিয়ে গেলেন বাবা, ১৬ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

সংগৃহীত

রাঙামাটির লংগদু উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ প্রায় ১৬ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সন্তানকে নিরাপদে অন্য একটি নৌকায় তুলে দেওয়ার পরই পানিতে তলিয়ে যান ফালান মিয়া (২৮)। সোমবার সকালে উদ্ধারকারী দলের সদস্যরা হ্রদ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন।

নিহত ফালান মিয়া লংগদু উপজেলার গুলশাখালী ইউনিয়নের ছোট মাহিল্যা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মো. শাহাবুদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মাছ শিকার শেষে একটি ছোট নৌকায় করে বাড়ির দিকে ফিরছিলেন ফালান মিয়া। তাঁর সঙ্গে ছিল প্রায় আট থেকে নয় বছর বয়সী ছেলে। পথে কালাপাকুজ্যা ও গুলশাখালী ইউনিয়নের মধ্যবর্তী চৌদ্দ নম্বর বিল এলাকায় পৌঁছালে হঠাৎ ঝড় শুরু হয়। প্রবল বাতাস ও উত্তাল পানির কারণে একপর্যায়ে নৌকাটি উল্টে যায়।

নৌকাডুবির পর বাবা-ছেলে দুজনই হ্রদের পানিতে পড়ে যান। নিজের জীবনের কথা না ভেবে ফালান মিয়া ছেলেকে শক্ত করে ধরে রাখেন এবং তাকে বাঁচানোর চেষ্টা করেন। এ সময় দূর থেকে একটি নৌকা তাদের দেখতে পায়। পরে ফালান কোনোভাবে তাঁর ছেলেকে ওই নৌকায় তুলে দিতে সক্ষম হন।

সন্তানকে নিরাপদে তুলে দেওয়ার পরপরই ফালান মিয়া হ্রদের পানিতে তলিয়ে যান। অন্য নৌকার লোকজন তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁর সন্ধান পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে।

দীর্ঘ সময় ধরে হ্রদের পানিতে অভিযান চালানোর পর সোমবার সকালে প্রায় ১৬ ঘণ্টা পর ফালান মিয়ার মরদেহ উদ্ধার করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ঘটনাটি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে শেষ মুহূর্ত পর্যন্ত বাঁচানোর চেষ্টা করে নিজের জীবন হারানো ফালান মিয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে গভীর আবেগের সৃষ্টি করেছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!