রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

মুচলেকায় ২১ ঘণ্টা পর মুক্তি পেলেন সেই মাহদী

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬, ০৪:৪৮ পিএম

মুচলেকায় ২১ ঘণ্টা পর মুক্তি পেলেন সেই মাহদী

সংগৃহীত

হবিগঞ্জে বিদ্যুৎ ও গ্যাস সংকট, দীর্ঘ লোডশেডিং এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতির সময় আটক হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানসহ তিনজনকে মুচলেকায় ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানা থেকে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়া অপর দুজন হলেন মীর্জা সুমন ও রাজু। আটকের প্রায় ২১ ঘণ্টা পর তারা ছাড়া পান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যুতের দীর্ঘস্থায়ী সংকট, বিদ্যুতের দাম বৃদ্ধি, গ্যাসের সমস্যা এবং বাজারে নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ছাত্র-জনতার ব্যানারে হবিগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল করার প্রস্তুতি চলছিল। সোমবার বিকেল ৫টার দিকে কর্মসূচির প্রস্তুতিকালে পুলিশ মাহদী হাসানসহ তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

দীর্ঘ সময় তাদের থানায় রাখার বিষয়টি জানাজানি হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। বিষয়টি জানতে ও আটক ব্যক্তিদের খোঁজ নিতে ঢাকাসহ বিভিন্ন পর্যায় থেকে যোগাযোগ করা হয়। পরে জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব ফারজানা আহমেদও হবিগঞ্জে আসেন।

শেষ পর্যন্ত মঙ্গলবার দুপুরে মাহদী হাসান, মীর্জা সুমন ও রাজুকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা করা হয়েছে কি না কিংবা ঠিক কী কারণে এত দীর্ঘ সময় থানায় রাখা হয়েছিল, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুর হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মন্তব্য করতে রাজি হননি।

এদিকে, তিনজন মুক্তি পাওয়ার পর পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!