রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২১, ২০২৬, ০৭:০৩ পিএম

বিয়ের রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের আনন্দ শেষ হওয়ার আগেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আহমেদ আনাস বাপ্পি (২২) নামের এক নববিবাহিত যুবক। শুক্রবার (২১ আগস্ট) তার বৌভাতের আয়োজন হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই গভীর রাতে স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে। তার নববধূ সাইরা খাতুনের বয়স ১৮ বছর। তিনি উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে।

পরিবার ও স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, আনাস ও সাইরার বিয়ে প্রায় দুই মাস আগে সম্পন্ন হয়েছিল। তবে পারিবারিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বৃহস্পতিবার বিকেলে নববধূকে আনাসের বাড়িতে নিয়ে আসা হয়। এ উপলক্ষে শুক্রবার দুপুরে বৌভাতের আয়োজন করা হয়েছিল। বাড়িতে অতিথিদের আপ্যায়নের প্রস্তুতি এবং অনুষ্ঠানের জন্য প্যান্ডেল তৈরির কাজ চলছিল রাত পর্যন্ত।

পরিবারের সদস্যদের সঙ্গে আনাসও বৌভাতের প্রস্তুতির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। রাতের কোনো একসময় একটি স্ট্যান্ড ফ্যান অন্য জায়গায় সরানোর চেষ্টা করেন তিনি। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনাসের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিয়ের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। যে বাড়িতে কয়েক ঘণ্টা আগেও ছিল উৎসবের আমেজ, অতিথিদের আনাগোনা ও আনন্দ-উচ্ছ্বাস, সেখানেই শুরু হয় কান্না ও আহাজারি। স্বামীকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন নববধূ সাইরা খাতুন।

স্থানীয় ইউপি সদস্য মিলন হোসেন জানান, স্ট্যান্ড ফ্যান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েই আনাসের মৃত্যু হয়েছে। বৌভাতের আয়োজন সম্পন্ন হওয়ার আগেই এমন মর্মান্তিক ঘটনায় পুরো পরিবার শোকাহত।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি পুলিশ পর্যবেক্ষণ করছে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!