প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০৭:৪০ পিএম
কুষ্টিয়ার ভেড়ামারায় পোষা বিড়ালের আঁচড়ের পর পাঁচ বছর বয়সী এক শিশুর আচরণে অস্বাভাবিক পরিবর্তন দেখা দিয়েছে। শিশুটি বিড়ালের মতো ‘মিউ মিউ’ শব্দ করার পাশাপাশি অস্বাভাবিক আচরণ করায় বিষয়টি নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শিশুটির নাম মুস্তারীন আদ্রিতা। সে ভেড়ামারা উপজেলার বাহিরচর এলাকার বাসিন্দা ব্যাংকার সাব্বিরের মেয়ে। সম্প্রতি শিশুটির অস্বাভাবিক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি অনেকের নজরে আসে। ভিডিওতে তাকে বিড়ালের মতো শব্দ করতে দেখা যায়।
স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, শিশুটির পরিবার শখ করে বাড়িতে একটি বিড়াল পালন করত। তবে ওই বিড়ালটি জলাতঙ্কে আক্রান্ত ছিল কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। শিশুটির আঁচড় লাগার পর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে।
কুষ্টিয়া সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, গত ১৭ আগস্ট শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল। বিড়ালের আঁচড়ের পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে শিশুটির মধ্যে জলাতঙ্কের কোনো লক্ষণ পাওয়া যায়নি। তার বর্তমান অস্বাভাবিক আচরণ ভয়, মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণে হচ্ছে কি না, তা চিকিৎসকদের মাধ্যমে আরও পরীক্ষা করে দেখা প্রয়োজন।
তিনি জানান, শিশুটির উন্নত চিকিৎসার প্রয়োজন বিবেচনা করে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে ঢাকার কোন হাসপাতালে বর্তমানে তার চিকিৎসা চলছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, ঘটনার বিষয়টি তারা শুরুতে জানতে পারেননি। সামাজিক যোগাযোগমাধ্যমে শিশুটির ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি তাদের নজরে আসে। শিশুটির পরিবারের সদস্যরা বর্তমানে এলাকায় না থাকায় তার চিকিৎসার সর্বশেষ অবস্থা সম্পর্কেও স্থানীয়ভাবে বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে না।
শিশুটির বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। ফলে বর্তমানে আদ্রিতার শারীরিক অবস্থা এবং চিকিৎসায় তার অগ্রগতি সম্পর্কে পরিবারের পক্ষ থেকে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, বিড়ালের আঁচড়ের পর দ্রুত চিকিৎসা নেওয়া এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শিশুটির অস্বাভাবিক আচরণের প্রকৃত কারণ চিকিৎসা পরীক্ষা ও পর্যবেক্ষণের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।



