রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

তিন ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে খাগড়াছড়ি

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ২২, ২০২৬, ০১:২৪ পিএম

তিন ঘণ্টার বৃষ্টিতে পানির নিচে খাগড়াছড়ি

ছবিঃ সংগৃহীত

দিনভর তীব্র গরম ও প্রখর রোদের পর রাতের কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে কয়েকটি স্থানে পাহাড় ধসের ঘটনায় সড়ক যোগাযোগ ব্যাহত হচ্ছে। আকস্মিক এই বৃষ্টিতে দুর্ভোগে পড়েছেন জেলার বিভিন্ন এলাকার মানুষ।

শুক্রবার রাত সাড়ে ১২টা থেকে শনিবার ভোর সাড়ে ৩টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। প্রবল বর্ষণের ফলে মাইনী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে দীঘিনালা উপজেলার মেরুং, কবাখালী ও বোয়ালখালী এলাকার নিচু অংশে পানি ঢুকে পড়েছে। কোথাও কোথাও বসতঘরেও পানি প্রবেশ করেছে।

হঠাৎ পানি বেড়ে যাওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। অনেকের আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে। দীঘিনালা-মেরুং সড়কের কয়েকটি অংশের ওপর দিয়েও পানি প্রবাহিত হচ্ছে। রাতের স্বাভাবিক পরিস্থিতি ভোরের মধ্যে বদলে গিয়ে নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়িয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক ঘণ্টার মধ্যেই আশপাশের পাহাড়ি ছড়া ও নদীর পানি দ্রুত বাড়তে শুরু করে। পানির স্রোতে নিচু এলাকার বসতবাড়ি ও কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক পরিবার ঘুম থেকে উঠে ঘরের ভেতর পানি দেখতে পান।

এদিকে ভারী বৃষ্টির কারণে পাহাড় ধসে খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের কয়েকটি অংশে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বিশেষ করে পাঁচ মাইল ও নয় মাইল এলাকায় সড়কের ওপর বড় আকারের মাটি ধসে পড়েছে। এতে ওই পথে চলাচলকারী যানবাহন আটকা পড়ছে এবং যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সড়ক ও জনপথ বিভাগের কর্মীরা মাটি সরানোর কাজ শুরু করেছেন। তবে ধসে পড়া মাটির পরিমাণ বেশি হওয়ায় পুরোপুরি সড়ক পরিষ্কার করতে কিছুটা সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!