বিজয় আহমেদ
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬, ০৫:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি
প্রতিদিনের মতোই মোটরসাইকেল নিয়ে কর্মস্থলের উদ্দেশে বের হয়েছিলেন পুলিশ সদস্য মো. শামীম আহমেদ। কে জানত, কর্মস্থলে পৌঁছানোর আগেই থেমে যাবে তার পথ! ঢাকা থেকে গাজীপুর যাওয়ার পথে রাজধানীর আব্দুল্লাহপুর ফ্লাইওভারে একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন এই ট্রাফিক সদস্য।
দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটের দিকে ঘটে এ মর্মান্তিক দুর্ঘটনা। খবর পেয়ে আব্দুল্লাহপুর ট্রাফিক বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে থাকা লোকজন প্রথমে শামীমকে একটি প্রাইভেটকারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মো. শামীম আহমেদ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সরকারি ডাক বিভাগে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরবে। পরিবারে রয়েছে ছোট্ট এক মেয়েসন্তান।
দায়িত্ব পালনের পথে একজন ট্রাফিক সদস্যের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সহকর্মী ও স্বজনদের মাঝে।
মাতৃভূমির খবর