প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:২৫ পিএম
গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা তাপস হালদার (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলা সদর থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার তাপস উপজেলার কলাবাড়ী ইউনিয়নের কুমরিয়া গ্রামের হরেকৃষ্ণ হালদারের ছেলে। বিশেষ ক্ষমতা আইনের মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠিয়েছে।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই ওয়াবদার হাটে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভের ঘটনা ঘটায়। এতে সাধারণ মানুষ আতঙ্কিত হয় এবং চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। ওই ঘটনায় পুলিশ ১৫৫ জনকে পরিচয় নিশ্চিত করে এবং ১,৫০০ অজ্ঞাতপরিচয়কে দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহামুদ জানান, ভিডিও ফুটেজের মাধ্যমে মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করার চেষ্টা চলছে।



