রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হলফনামায় নুরের বার্ষিক আয় ২০ লাখ টাকা, পেশা ব্যবসা

নিউজ ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৬, ১২:৩৭ পিএম

হলফনামায় নুরের বার্ষিক আয় ২০ লাখ টাকা, পেশা ব্যবসা

ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর মনোনয়নপত্র দাখিল করেছেন। নির্বাচন সামনে রেখে তিনি নির্বাচন কমিশনে তার হলফনামাও জমা দিয়েছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে জানা যায়, নুরুল হক নুর পেশায় একজন ব্যবসায়ী। ব্যবসা থেকে তার বার্ষিক আয় ১৫ লাখ ৮৫ হাজার ৪২৬ টাকা। এ ছাড়া অন্যান্য উৎস থেকে তার আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। সব মিলিয়ে তার মোট বার্ষিক আয় দাঁড়িয়েছে ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা।

হলফনামা অনুযায়ী, নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা রয়েছে ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা। কোম্পানির শেয়ারে তার বিনিয়োগের পরিমাণ ২ লাখ ৭৫ হাজার টাকা।

ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আমানতের পরিমাণ উল্লেখ করা হয়েছে ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা। এছাড়া তার নামে প্রায় ৮২ ডেসিমাল কৃষিজমি রয়েছে, যার অর্জনকালীন মূল্য ৬২ হাজার টাকা। দেনা হিসেবে পাওনাদারের কাছে তার দায় রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা।

হলফনামায় তার স্ত্রী মারিয়া আক্তারের পেশা শিক্ষকতা হিসেবে উল্লেখ করা হয়েছে। স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ৩০ হাজার ৯৪১ টাকা এবং ব্যাংকে জমা আছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা।

মামলা সংক্রান্ত তথ্যে বলা হয়েছে, নুরুল হক নুরের বিরুদ্ধে বর্তমানে দেশের বিভিন্ন আদালতে ৬টি মামলা চলমান রয়েছে। এর মধ্যে কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটিতে তিনি এজাহারভুক্ত ও অভিযুক্ত। এছাড়া ৮টি মামলা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন।

পারিবারিক তথ্য অনুযায়ী, নুরুল হক নুরের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। তার বাবা-মা ও ভাই-বোনও তার ওপর নির্ভরশীল বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, নুরুল হক নুর সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র জমা দেন।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!