রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

জামায়াত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে: নুর

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬, ১২:৩০ পিএম

জামায়াত ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে: নুর

সংগৃহীত

জামায়াতে ইসলামীকে নিয়ে কঠোর সমালোচনা করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে তিনি জাতীয় নাগরিক পার্টিকেও তীব্র ভাষায় সমালোচনা করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নানা মন্তব্য করেছেন।

সোমবার রাজধানীর ঢাকা কলেজে শাখা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই, সংগ্রামের সুর’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে নুরুল হক নুর বলেন, ইসলামের প্রতিনিধিত্ব করার দাবি কোনো একটি রাজনৈতিক দলের একক বিষয় নয়। তাঁর ভাষ্য, অতীতের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জামায়াতে ইসলামীই ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে।

তিনি আরও অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের নিয়ে বিভ্রান্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক সংস্কৃতির জন্য ক্ষতিকর বলেও তিনি মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে নুর বলেন, দীর্ঘ সময়ের রাজনৈতিক অস্থিরতার পর দেশের মানুষ এখন সংঘাত ও আন্দোলনের রাজনীতি থেকে বেরিয়ে স্থিতিশীলতা প্রত্যাশা করছে। তাঁর মতে, নতুন সরকার দায়িত্ব গ্রহণের অল্প সময়ের মধ্যেই সরকারবিরোধী কর্মসূচির আহ্বান জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি প্রশ্ন রেখে বলেন, যদি বর্তমান সরকার দায়িত্ব ছেড়ে দেয়, তাহলে দেশের নেতৃত্ব কে দেবে—সেই প্রশ্নের বাস্তবসম্মত উত্তরও থাকতে হবে। তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার জন্য কার্যকর বিকল্প নেতৃত্বের বিষয়টি স্পষ্ট নয়।

জাতীয় নাগরিক পার্টিকে নিয়েও কঠোর মন্তব্য করেন নুরুল হক নুর। তিনি অভিযোগ করেন, দলটি এখন দেশের রাজনীতিতে নতুন সংকট সৃষ্টি করছে। তাঁর ভাষ্য, রাজনৈতিক অভিজ্ঞতা অর্জনের পরিবর্তে তারা এমন কর্মকাণ্ডে জড়াচ্ছে, যা ভবিষ্যতে অস্থিতিশীলতা বাড়াতে পারে। তিনি আরও দাবি করেন, আন্দোলনের শেষ পর্যায়ে একটি বিদেশি গোষ্ঠীর প্রভাব তাদের ওপর পড়েছে এবং সেই প্রভাবকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা চলছে।

সবশেষে তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি দায়িত্বশীল আচরণ, গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!