রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান

নিউজ ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৯:৩৭ এএম

হরমুজ প্রণালীতে মাইন বসানো শুরু করেছে ইরান

ছবিঃ সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালীতে বিস্ফোরক মাইন বসানো শুরু করেছে ইরান। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানি বাহিনী ইতিমধ্যে কয়েক ডজন মাইন স্থাপন করেছে বলে জানা গেছে।

এর আগে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছিল, ইরানের সামরিক বাহিনী প্রণালীটিতে মাইন বসানোর প্রস্তুতি নিচ্ছে। তবে নতুন তথ্য বলছে, সেই প্রস্তুতি এখন বাস্তবে রূপ নিয়েছে এবং ইতোমধ্যে মাইন বসানোর কাজ শুরু হয়েছে।

এই বিষয়ে সংশ্লিষ্ট দুজন মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত কয়েক দিনের মধ্যে ইরানি বাহিনী কয়েক ডজন মাইন স্থাপন করেছে। তবে তাদের ব্যবহারের জন্য থাকা ছোট জাহাজ ও মাইন স্থাপনকারী নৌযানের প্রায় আশি শতাংশ এখনো ব্যবহার করা হয়নি।

গোয়েন্দা সূত্রের মতে, এর অর্থ হলো—ইরান চাইলে খুব অল্প সময়ের মধ্যেই হরমুজ প্রণালীজুড়ে হাজার হাজার মাইন বসাতে সক্ষম।

জানা গেছে, বর্তমানে প্রণালীটির নিয়ন্ত্রণ ইরানের নৌবাহিনীর পাশাপাশি দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর হাতেও রয়েছে। তাদের কাছে এমন বিভিন্ন অস্ত্র রয়েছে যার মাধ্যমে পুরো প্রণালীজুড়ে বিস্ফোরকের বিস্তৃত জাল তৈরি করা সম্ভব।

এ ছাড়া প্রয়োজন হলে তারা জাহাজের কাছাকাছি বিস্ফোরকভর্তি ছোট নৌকা পাঠাতে পারে এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে আক্রমণ চালানোর সক্ষমতাও রাখে বলে ধারণা করা হচ্ছে।

গত সপ্তাহে বিপ্লবী গার্ড বাহিনী এক সতর্কবার্তায় বলেছিল, হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে সেটিকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের একটি বড় অংশের তেল সরবরাহ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ফলে এখানে উত্তেজনা বাড়লে তা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক বাণিজ্যের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

মাতৃভূমির খবর

Advertisement
Advertisement
Link copied!